
হাওড়া, ১৪ এপ্রিল(হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রচারে নতুনত্ব আনতে আবারও চমক দিল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলার বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৈলাশ মিশ্রের সমর্থনে এবার রাস্তায় নামানো হয়েছে ট্যাবলো। ‘উন্নয়নের পাঁচালী’-র পর এই ডিজিটাল প্রচার মাধ্যমটি ঘিরে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়েছে।
দলীয় সূত্রে খবর, এই ট্যাবলোটি মূলত একটি চলমান অডিও-ভিস্যুয়াল প্রদর্শনী কেন্দ্র। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো এই ট্যাবলোর বড় স্ক্রিনে তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পের ভিডিও চিত্র তুলে ধরা হচ্ছে। শক্তিশালী সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচারের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জনপদে। রাস্তায় চলতে চলতে এই ট্যাবলোটি অনেকটা ‘মোবাইল প্রদর্শনী’-র মতো কাজ করছে।
এর আগে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাফল্যের খতিয়ান পৌঁছে দেওয়া হয়েছিল। এবার সেই প্রচারকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে।
এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে কৈলাশ মিশ্র বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচারের ধরন বদলানো প্রয়োজন। ভিডিওর মাধ্যমে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষ আরও সহজে হৃদয়ঙ্গম করতে পারেন। সেই লক্ষ্যেই এই হাইটেক ট্যাবলোর ব্যবহার।”
তবে এই চাকচিক্যময় প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। তাদের দাবি, ডিজিটাল পর্দার আড়ালে এলাকার আসল সমস্যাগুলি ঢাকার চেষ্টা করছে শাসক দল। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, উন্নয়নই তাদের প্রধান হাতিয়ার আর সেই সত্য পৌঁছে দিতেই এই আধুনিক প্রয়াস। ভোটের ময়দানে এই ‘হাইটেক ট্যাবলো’ কতটা জনমত টানবে তা সময় বলবে, তবে বালির রাস্তায় এই ডিজিটাল চমক যে চর্চার কেন্দ্রে রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত