
উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল (হি.স.): বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাজিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর দাবি, এ দিন প্রচারের পরে সুইগছ এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় বাইক নিয়ে তাঁদের রাস্তা আটকে এক দল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূলের কয়েক জন কর্মী রাস্তায় দাঁড়িয়ে গল্প করার সময় বিজেপি প্রার্থী ও তাঁর লোকজনই প্রথমে হুমকি দেয় এবং পরে ফিরে এসে গুলি চালায়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই ওই ঘটনা ঘটে বলে দাবি তৃণমূলের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ