
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): সংসদের তিন দিনব্যাপী বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত সংশোধনী নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সরকারের আনা বিলটি মহিলা ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি দেশের নির্বাচনী মানচিত্র পরিবর্তনের একটি পরিকল্পিত প্রচেষ্টা। তিনি অভিযোগ করেন, সরকার অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের অধিকার দুর্বল করার জন্য কাজ করছে।
শুক্রবার লোকসভায় আলোচনার সময় রাহুল গান্ধী বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করছেন এবং প্রত্যেক ব্যক্তি তার জীবনে মা, বোন বা অন্যান্য নারীদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। এই বিলটি মহিলা সংরক্ষণের জন্য প্রকৃত বিল নয়, কারণ মহিলা সংরক্ষণ সংক্রান্ত আইনটি ২০২৩ সালেই পাস হয়ে গেছে। তিনি সরকারকে অনুরোধ করেন, যদি তারা সত্যিই মহিলাদের ক্ষমতায়ন করতে চায়, তবে পূর্বে পাস হওয়া বিলটি অবিলম্বে কার্যকর করুক এবং বিরোধী দল একে পূর্ণ সমর্থন দেবে।
রাহুল গান্ধী বলেন, বর্তমান বিলটির আসল উদ্দেশ্য হলো সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন করা। সরকার ইচ্ছাকৃতভাবে জাতিগত আদমশুমারি এড়িয়ে যাচ্ছে যাতে ওবিসিরা পর্যাপ্ত প্রতিনিধিত্ব কেটে না পারে। এটি প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে ক্ষমতার কাঠামো থেকে দূরে রাখার একটি কৌশল।
বিশেষভাবে দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্বাঞ্চলের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, সরকার এই অঞ্চলগুলির প্রতিনিধিত্ব কমানোর জন্য কাজ করছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিরোধী দল কোনও অবস্থাতেই এটি মেনে নেবে না এবং এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ