
হাজারিবাগ, ১৭ এপ্রিল: জঙ্গলে ঘেরা বুন্দু খাপিয়ান গ্রামে ভোরের নীরবতা ভেঙে আচমকাই শুরু গুলির লড়াই। ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে চার মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছে ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত শাহদেব মাহাতো ওরফে অনুজ (আরসিএম)। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল।
পুলিশ সূত্রে খবর, কেরেদারি থানা এলাকার ওই গ্রামে মাওবাদীদের উপস্থিতির গোপন খবর পেয়ে অভিযানে নামে সিআরপিএফের কোবরা বাহিনী ও জেলা পুলিশ। এলাকা ঘিরে ফেলতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে সংঘর্ষ। শেষে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে চার মাওবাদী।
নিহতদের মধ্যে এক মহিলা মাওবাদীও রয়েছে। এরা সকলেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিল বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেল।
শুক্রবার হাজারিবাগের পুলিশ সুপার অঞ্জনি অঞ্জন জানান, সংঘর্ষের পর গোটা এলাকায় জোরদার তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত চারজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, নিহতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)–র সঙ্গে যুক্ত ছিল।
পুলিশের অনুমান, সংঘর্ষের সময় আরও কয়েকজন মাওবাদী জখম অবস্থায় পালিয়ে যায়। তাদের খোঁজে জঙ্গলে তল্লাশি জারি রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য