সুপ্রিমে নাকচ পবনের অগ্রিম জামিন আবেদন, খেড়াকে গুয়াহাটি এসে আত্মসমৰ্পণের পরামর্শ হিমন্তবিশ্বের
উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল (হি.স.) : সুপ্ৰিম কোৰ্টে ট্রানজিট অগ্রিম জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হওয়ায় কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে গুয়াহাটি গিয়ে আত্মসমৰ্পণ করার পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। অন্তর্বর্তীক
সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল (হি.স.) : সুপ্ৰিম কোৰ্টে ট্রানজিট অগ্রিম জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হওয়ায় কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে গুয়াহাটি গিয়ে আত্মসমৰ্পণ করার পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়ে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে প্রাপ্ত ট্রানজিট অগ্রিম জামিনের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন খেড়া। অসমে উপযুক্ত আদালতে যাওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর এই আবেদন খারিজ করে অসমে গিয়ে উপযুক্ত আদালতে অগ্রিম জামিন আবেদন করতে পবন খেড়াকে নির্দেশ দিয়েছে।

আজ শুক্রবার এখানে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ প্রসঙ্গে এখানে উপস্থিত সংবাদিকদের জিজ্ঞাসার জবাবে অসমের মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘কংগ্রেস নেতা পবন খেড়ার উচিত আইনি প্রক্রিয়া মেনে অসমের উপযুক্ত আদালতে হাজির হওয়া। গুয়াহাটি এসে তাঁর আত্মসমর্পণ করা উচিত।’

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে অসম বিধানসভা নিৰ্বাচনের চারদিন আগে গত ৫ এপ্রিল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া। ওই অভিযোগকে খণ্ডন করে গত ৬ এপ্রিল কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন রিনিকি ভূঞা শর্মা।

রিনিকি ভূঞা শর্মার অভিযোগের ভিত্তিতে পবন খেড়ার বিরুদ্ধে গুয়াহাটিতে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতা-র ১৭৫ (নির্বাচনের সঙ্গে সম্পর্কিত মিথ্যা বিবৃতি), ৩৫ (ব্যক্তি ও সম্পত্তির আত্মরক্ষার অধিকার) এবং ৩১৮ (প্রতারণা) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলার ভিত্তিতে গত ৭ এপ্ৰিল আসাম পুলিশের একটি দল দিল্লিতে পবন খেড়ার বাসভবনে গিয়েছিল। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি।

এর পর পবন খেড়ার কৌঁসুলি অভিষেক মনু সিংভি গত ৮ এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্টে তাঁর মক্কেল (পবন খেড়া)-কে অগ্রিম জামিন প্রদানের আবেদন জানিয়ে এই মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়েছিলেন।

১০ এপ্রিল তেলেঙ্গানা হাইকোৰ্টের বিচারপতি সুজানা কালাসিকামের আদালত পবন খেড়ার জামিন আবেদনের শুনানিকালে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা উল্লেখ করে কিছু শৰ্ত বেঁধে দিয়ে এক সপ্তাহের অন্তর্বর্তী ট্রানজিট অগ্রিম জামিন মঞ্জুর করেছিল।

এদিকে তেলেঙ্গানা হাইকোৰ্ট কর্তৃক প্রদত্ত এক সপ্তাহের অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জনিয়ে ১২ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে অসম সরকারের পক্ষ থেকে আইনজীবী শুভদীপ রায় আবেদন দায়ের করেছিলেন। ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং অতুল এস চন্দুরকরের ডিভিশন বেঞ্চ অসম সরকারের দায়েরকৃত আবেদনের শুনানি শেষে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করে বলেছিল মামলা যখন অসমের, তখন অসমে গিয়ে তাঁকে অগ্রিম জামিন নিতে হবে।

এই নির্দেশের পরও ফের তেলেঙ্গানা হাইকোৰ্ট কর্তৃক প্রদত্ত এক সপ্তাহের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেন পবন খেড়া। কিন্তু সুপ্রিম কোর্টে এই আবেদন আমল পায়নি। বিষয়টি অসমের আদালতেই নিষ্পত্তি হওয়া উচিত, বলেছে সুপ্ৰিম কোৰ্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতকে দ্রুত শুনানির নির্দেশও দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande