
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছে। শুক্রবার বিকেলে এই বিল নিয়ে ভোটাভুটি হতে পারে। বিরোধীরা প্রথম থেকেই এই বিল নিয়ে আপত্তি তুলেছেন। ভোটাভুটিতে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। সেই আবহে ভোটাভুটি শুরুর আগেই সাংসদদের উদ্দেশে ভেবেচিন্তে পদক্ষেপ করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটাভুটির প্রাক্কালে মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, আমি সকল সাংসদদের প্রতি একটি আবেদন জানাতে চাই... অনুগ্রহ করে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন—আপনাদের নিজেদের পরিবারের মহিলাদের কথা স্মরণ করুন। আইনসভাগুলোতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এই আইনটি আমাদের দেশের মহিলাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।
অনুগ্রহ করে আমাদের ‘নারী শক্তি’কে নতুন সুযোগ থেকে বঞ্চিত করবেন না। যদি এই সংশোধনীটি সর্বসম্মতিক্রমে পাস হয়, তবে তা আমাদের দেশের মহিলাদের আরও বেশি ক্ষমতায়িত করবে এবং আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করবে। আসুন, আজ আমরা সবাই মিলে ইতিহাস সৃষ্টি করি। আসুন আমরা নিশ্চিত করি যে— ভারতের নারীরা, যারা আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক— তাঁরা যেন তাঁদের ন্যায্য অধিকার পায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ