
গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ায় দিশপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৮টি চুরির ফোন। এর সঙ্গে মোবাইল ফোন চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তকে জনৈক সঞ্জীব সিং বলে পরিচয় পাওয়া গেছে।
দিশপুর থানা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এএস ০১ এইচসি ৩২৮৮ নম্বরের একটি চার চাকার গাড়ি আটক করে তাতে তালাশি চালিয়ে মোট ১৮টি চুরির মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা।
পুলিশের ধারণা, অভিযুক্তটি একটি বড় চক্রের সদস্য। এই অঞ্চলে মোবাইল চুরি ও অবৈধ বেচাকেনার সঙ্গে সে জড়িত। উদ্ধারকৃত মোবাইল ফোনের হ্যান্ডসেটগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে।
চক্রের অন্যান্য সদস্যদের নামধাম জানতে ধৃত সঞ্জীব সিংকে জেরা করা হচ্ছে, জানিয়েছে দিশপুর থানার সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস