
কোচবিহার ও আলিপুরদুয়ার, ২ এপ্রিল (হি.স.): ভোটার তালিকায় নাম না থাকার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলার মাথাভাঙা মাদ্রাসা চৌপথি এলাকায় মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে অবরোধে শামিল হন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে তাঁরা ভোট দিচ্ছেন কিন্তু এসআইআর-এর পরে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে এই ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়েছে। অবিলম্বে তাঁদের নাম ভোটার তালিকায় তোলার দাবিতে পথ অবরোধ করেন। এ দিকে একই বিষয়ে শীতলখুচি বাজারে এলাকায় পথ অবরোধ করেন এলাকাবাসী। এই অবরোধ দীর্ঘক্ষণ চলে।
এদিকে, ভোটার তালিকায় নাম না থাকার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধে শামিল হন। অবরোধকারীদের দাবি, তাঁরা বংশপরম্পরায় ওই এলাকায় বসবাস করছেন এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের ও তাঁদের মা-বাবার নাম ছিল। সম্প্রতি এসআইআর তালিকায় নাম না থাকায় তাঁদের শুনানিতে ডাকা হয়। সেখানে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নাম না ওঠায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এই পরিস্থিতিতে এ দিন দুপুরে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দ্রুত তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য ফালাকাটা-কোচবিহার ও ফালাকাটা-মাথাভাঙা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ