শিলিগুড়িতে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব
শিলিগুড়ি, ২ এপ্রিল (হি.স.): শিলিগুড়ি বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পৌঁছেছে। এই আবহে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন জমা দেওয়ার সময় আয়োজিত মিছিলে তৃণমূলের জেলা চেয়া
গৌতম দেব


শিলিগুড়ি, ২ এপ্রিল (হি.স.): শিলিগুড়ি বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পৌঁছেছে। এই আবহে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় আয়োজিত মিছিলে তৃণমূলের জেলা চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ সদস্য এবং কাউন্সিলরদের পাশাপাশি দলের বহু নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই মিছিল ও স্লোগানের মাধ্যমে তৃণমূল প্রার্থী নিজের শক্তি প্রদর্শন করেন, যা এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর গৌতম দেব সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই রয়েছে এবং এবারের লড়াই হবে মূলত উন্নয়নের ইস্যুতে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, শিলিগুড়ির জনতা তাঁকে জয়ী করবেই। তাঁর মতে, এবার প্রতিদ্বন্দ্বিতায় কোনও লড়াই নেই এবং ভোটাররা গতবারের বিধায়ককে তৃতীয় স্থানে পাঠিয়ে দেবেন। গৌতম দেব আরও জানান, শহরের পরিকাঠামো উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং সামগ্রিক উন্নয়নমূলক কাজকে আরও শক্তিশালী করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande