শ্রীভূমি জেলায় মাছ ধরা ও সংরক্ষণে জারি নিষেধাজ্ঞা
শ্রীভূমি (অসম), ২ এপ্রিল (হি.স.) : মাছের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে শ্রীভূমি জেলার প্রাকৃতিক জলাশয়ে মাছ ধরার ওপর জেলা ম্যাজিস্ট্রেট কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে জারিকৃত নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ১৫ জুলা
শ্রীভূমি জেলায় মাছ ধরা ও সংরক্ষণে জারি নিষেধাজ্ঞা


শ্রীভূমি (অসম), ২ এপ্রিল (হি.স.) : মাছের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে শ্রীভূমি জেলার প্রাকৃতিক জলাশয়ে মাছ ধরার ওপর জেলা ম্যাজিস্ট্রেট কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।

বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে জারিকৃত নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত যে কোনও ঘোষিত মৎস্য ক্ষেত্রে ৭ সেন্টিমিটার বার/১৪ সেন্টিমিটার মেশ সাইজের চেয়ে ছোট আকারের জাল যেমন বড়জাল, মহাজাল, ফাঁসজাল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, ১ সেমি বার/২ সেমি মেশ সাইজের ছোট জাল যেমন মশারি জাল সারা বছর ব্যবহার করা যাবে না।

আগামী ১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত রুই, কাতলা, মৃগেল, মালি (কালবাসু), চিতল, খাড়িয়া, পিঠিয়া (মহাশোল), ঘারিয়া এবং কুঁড়ি (ঘনিয়া) জাতীয় মাছের ডিমওয়ালা বা প্রজননক্ষম মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট প্রজাতির ২৩ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছ এবং ১০ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মালি (কালবাসু), ঘনিয়া ও কুঁড়ি মাছ ধরা বা বিক্রি করা নিষিদ্ধ। তবে মৎস্য চাষের প্রয়োজনে মৎস্য বিভাগের বিশেষ অনুমতিতে এই আদেশ শিথিল করা যেতে পারে।

জালে যদি কোনওভাবে ছোট মাছ ধরা পড়ে, তবে সেগুলোকে অবিলম্বে জীবিত অবস্থায় জলাশয়ে ছেড়ে দিতে হবে অথবা সরকারি নির্ধারিত মূল্যে মৎস্য বিভাগে জমা দিতে হবে।

জেলাশাসকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande