
আলিপুরদুয়ার, ২ এপ্রিল (হি.স.): দলের জেলা সভাপতিকে বহিরাগত তকমা দিয়ে প্রার্থী বদলের দাবিতে আলিপুরদুয়ারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা পড়ল। ফালাকাটার বাসিন্দা দলের জেলা সভাপতি মৃন্ময় সরকারের নাম আলিপুরদুয়ার আসনের প্রার্থী হিসাবে বুধবারই ঘোষণা করেছে কংগ্রেস। যা নিয়ে রাত থেকেই সরব হন কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা ও কর্মীরা। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ কংগ্রেসের দলীয় কার্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষোভও শুরু করেন তাঁরা। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, মৃন্ময় সরকার এই কেন্দ্রের ভূমিপুত্র নন, তিনি মূলত ‘বহিরাগত’।
তাঁদের দাবি, এই আসনে কোনও স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে। এই দাবিতেই এ দিন আলিপুরদুয়ারের জেলা কংগ্রেস ভবনের গেটে বড় তালা ঝুলিয়ে দেন তাঁরা। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, আমরা বহিরাগত প্রার্থী মানব না। স্থানীয় যোগ্য কাউকে দলকে প্রার্থী হিসেবে বেছে নিতে হবে। যতক্ষণ না প্রার্থী বদল করা হচ্ছে, ততক্ষণ এই তালা খোলা হবে না।
উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ার জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু বুধবার রাতে প্রকাশিত নতুন তালিকায় আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে জেলা সভাপতি মৃন্ময় সরকারের নাম ঘোষণা করা হয়। এই খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কংগ্রেস কর্মীদের একটি বড় অংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ