
হাইলাকান্দি (অসম), ২ এপ্রিল (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুল করতে প্রশাসনের তরফে জোরদার করা হয়েছে প্রস্তুতি। সেই লক্ষ্যেই জেলার প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের জন্য প্রো-অ্যাপ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩-টা থেকে হাইলাকান্দির এসএস কলেজের নির্দিষ্ট হলগুলোতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ভোটের কাজে নিয়োজিত সকল প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্ট দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজগুলির প্রধানদের এই বিজ্ঞপ্তি দ্রুত কর্মীদের কাছে পৌঁছে দিতে বলেছে প্রশাসন, যাতে কেউ প্রশিক্ষণ থেকে বাদ না পড়েন। এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার দায়িত্বে রয়েছেন একাধিক অভিজ্ঞ মাস্টার ট্রেনার। তাঁরা জাবেদ পারভেজ চৌধুরী, আবু তালহা বড়ভুইয়াঁ, ড. দিলওয়ার আলম খান এবং শামীম বড়ভুইয়াঁ।
নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল সংশ্লিষ্ট কর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস