
উত্তর দিনাজপুর, ২ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকায় নাম তোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে। অবরোধের জেরে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে আটকে পড়ে তৃণমূল কর্মীদের একাধিক গাড়ি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় ঘণ্টাখানেক পরে অবরোধ ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের রণহট্টা এলাকার দেড়শো জনেরও বেশি ভোটারের নাম বাতিল হয়েছে। তার প্রতিবাদেই এই অবরোধ।
এদিকে, প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে ময়নাগুড়ির চূড়াভান্ডারে ২৭ নম্বর জাতীয় সড়কের অবরোধ উঠল। বিবেচনাধীন থাকার পরে নাম বাদ যাওয়ায় চূড়াভান্ডারে অবরোধ শুরু হয়েছিল বৃহস্পতিবার দুপুর থেকে। প্রশাসনিক কর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ