
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর অমিত শাহর। বৃহস্পতিবার তিনি বলেন, “বাংলার মানুষ তৃণমূলকে বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে”।
শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে পথযাত্রার গাড়িতে ওঠেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর বাড়ির গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দিয়ে তিনি যাওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য”। এই চারজনের বাকি তিন প্রার্থী হলেন রাসবিহারি কেন্দ্রের প্রার্থী, তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য স্বপন দাসগুপ্ত, বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ডঃ শতরূপা এবং চৌরঙ্গী কেন্দ্রের, কংগ্রেস থেকে সদ্য দলে আসা সন্তোষ পাঠক।
মনোনয়নকেন্দ্র সার্ভে বিল্ডিংয়ের কাছে জড়ো হওয়া তৃণমূল কর্মী-সমর্থকেরা আচমকা হামলা চালান বলে অভিযোগ বিজেপির। তাতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁর চোখে আঘাত লেগেছে। সার্ভে বিল্ডিংয়ের সামনেই পড়ে যান ওই বিজেপি কর্মী।
শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন অমিত শাহ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতার পরে অসমে কর্মসূচি রয়েছে শাহের। সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে অসমের উদ্দেশে রওনা হন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত