
কলকাতা, ২ এপ্রিল (হি. স.): পশ্চিমবঙ্গের নাট্য ও মঞ্চ শিল্পীরা কেন্দ্রীয় অনুদান বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘ওয়েস্ট বেঙ্গল পারফর্মিং আর্টিস্ট কমিউনিটি’-র পক্ষ থেকে এই বিষয়ে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে মাত্র সাতটি সাংস্কৃতিক সংগঠন নতুন অনুমোদন পেয়েছে, যেখানে ৯১টি সংস্থার অনুমোদন নবীকরণ করা হয়েছে।এর পরিপ্রেক্ষিতে সংগঠনের দাবি, সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী বহু দলকে অনুদান থেকে বঞ্চিত করে ‘কুলড অফ’ তালিকায় রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দলগুলো আগামী দুই বছর অনুদানের জন্য আবেদনই করতে পারবে না। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিশিষ্ট নাট্যকর্মী অসিত বসু প্রশ্ন তোলেন, কোন যুক্তিতে এই দলগুলোকে বাদ দেওয়া হচ্ছে তা এই মুহূর্তে কারোরই বোধগম্য নয়।একইভাবে ক্ষোভ প্রকাশ করে নাট্যব্যক্তিত্ব দেবাশিস মজুমদার অভিযোগ করেন যে, এই অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই। শিল্পকলার সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করা শিল্পী সমাজের প্রতি চরম অবমাননা বলেও তিনি মন্তব্য করেন। বিশিষ্ট শিল্পী সৌমিত্র মিত্রও এই আচরণের নিন্দা জানিয়ে বলেন যে, শিল্পীদের আবেদন করার বদলে তাঁদের কাছে অনুদানের জন্য আবেদন চাওয়া হয়, তা সত্ত্বেও এই ধরণের বিমাতৃসুলভ আচরণ অত্যন্ত অপমানজনক।পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের পক্ষ থেকে একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও সাংসদদের কাছে বিষয়টি তুলে ধরবে। এর পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গেও আলোচনার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হতে পারে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রবীর গুহ, সুতপা তালুকদার, সঞ্জীব সরকার সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত