
জিরানীয়া (ত্রিপুরা), ২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ১৪-বোধজংনগর-ওয়াক্কিনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দলের প্রার্থী রুনিয়েল দেববর্মা জোরালোভাবে দাবি করেছেন, এই নির্বাচনে মথাকে আটকানোর মত কোনও শক্তি নেই এবং বিরাট জয় অনিবার্য।
বৃহস্পতিবার মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব নোয়াবাদি এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি। এদিন প্রচারে দেখা যায় উৎসবমুখর পরিবেশ—ঢাক-ঢোল, নাচ-গান আর স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস নজর কেড়েছে সাধারণ মানুষেরও।
রুনিয়েল দেববর্মা জানান, ১৪-বোধজংনগর-ওয়াক্কিনগর কেন্দ্রের ২২ ও ২৩ নম্বর বুথে প্রচার করতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের এই সমর্থনই প্রমাণ করছে যে, এবারের নির্বাচনে মথার জয় নিশ্চিত। তিনি আরও বলেন, “টিটিএএডিসি নির্বাচনে মথাকে আটকানোর মত কোনও শক্তি নেই।
বিজেপি-কে কটাক্ষ করে তিনি দাবি করেন, মথা-কে ছোট দল বলে মনে করা হলেও আসন্ন নির্বাচনে সেই ‘ছোট দল’-এর কাছেই বড় ব্যবধানে পরাজিত হবে বিজেপি। আগামী ১৭ এপ্রিল ভোট গণনার দিনই তার প্রমাণ মিলবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ