ভোটের ডিউটিতে এসে আত্মহত্যার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
মুর্শিদাবাদ, ২০ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গে নির্বাচনের ডিউটিতে মোতায়েন থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা ক্ষেত্রের শ
ভোটের ডিউটিতে এসে আত্মহত্যার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের


মুর্শিদাবাদ, ২০ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গে নির্বাচনের ডিউটিতে মোতায়েন থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা ক্ষেত্রের শক্তিপুর থানা এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজারসৌ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি ক্যাম্প করা হয়েছে। সেখানেই মোতায়েন থাকা সিআরপিএফ-এর ১৪২ নম্বর ব্যাটালিয়নের এক হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন। জানা গেছে, ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা এবং প্রায় এক মাস আগে অসমের নির্বাচনী ডিউটি শেষ করে এখানে এসেছিলেন।

সূত্রের খবর, ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি তাঁর বাম কাঁধ ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনার পরেই তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande