
মুর্শিদাবাদ, ২০ এপ্রিল (হি. স.) : মুর্শিদাবাদ জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ফরাক্কা থানার অন্তর্গত নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে এই জোরালো বিস্ফোরণটি ঘটে।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদের দেওয়ালের একটি বড় অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঘটনার খবর পেয়েই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির ছাদে মজুত করে রাখা বোমায় এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি