
ধর্মনগর (ত্রিপুরা), ২০ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় মা ও শিশুকন্যার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনা পূর্ব রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা প্রানকৃষ্ণ পালের স্ত্রী মন্টি পাল (৪০) এবং তাঁদের ৭ বছরের মেয়ে রেশ্মি পাল গত শুক্রবার থেকে নিখোঁজ।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার মন্টি পাল তাঁর ছোট মেয়েকে নিয়ে আগরতলায় বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তাঁরা ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান এবং সেখানেই শেষবার তাঁদের দেখা যায়। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে খোঁজখবর করেও কোনও তথ্য না পেয়ে শেষমেশ ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী প্রাণকৃষ্ণ পাল জানিয়েছেন, সেদিনই আগরতলা থেকে তাঁর শ্যালিকা মন্টি পালের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সেই সময় মন্টি জানান, তিনি ধর্মনগর রেল স্টেশনেই রয়েছেন। কিন্তু ওই কথোপকথনের পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে মা ও মেয়ের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, তদন্তের অংশ হিসেবে পুলিশ ধর্মনগর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার চেষ্টা করে। কিন্তু বেশ কিছু ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল থাকায় তদন্তে বড় বাধার সৃষ্টি হয়েছে। ফলে নিখোঁজদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য এখনও হাতে আসেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতেও নজরদারি জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ