
উত্তর ২৪ পরগনা, ২০ এপ্রিল (হি.স.): নির্দিষ্ট সময়ের প্রায় বেশ কিছুক্ষণ পরে খড়দার জনসভায় এসে দেরির জন্য বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বীরভূম থেকে হেলিকপ্টারে খড়দার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু তার পরেও দেরি হয়। মুখ্যমন্ত্রী বলেন, ঘুরিয়ে ঘুরিয়ে তবে নামতে পারলাম। রানওয়েতে আধ ঘণ্টা দাঁড় করিয়ে রাখল। সব বিজেপির লোকেরা বসে আছে। ওরা ইচ্ছা করে দেরি করাচ্ছে। মিনিট ২৫ মতো বক্তব্য রেখে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। হেলিকপ্টার ছাড়তে হবে। তাই চলে যেতে হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দমদমে রানওয়েতে ৩০ মিনিট আটকে রেখেছিল। এই করে দেরি করিয়ে দিয়েছে। ইচ্ছে করে দেরি করালো। এ দিন মমতা বলেন, আমি বেরিয়েছি অনেকক্ষণ। ঘুরিয়ে ঘুরিয়ে সব প্লেন নামালো। আগেরদিন হেমন্ত সোরেনের হেলিকপ্টার ৪০ মিনিট আটকে রেখেছিল। তাঁর অভিযোগ, এয়ারপোর্টে বিজেপির লোক থাকে। পারমিশন দিতে দেরি করে।
সভার অনুমতি পেতেও অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর তোপ, খড়দার মিটিংয়ের পারমিশন অনেক কষ্ট করে করতে হয়েছে। তৃণমূল কর্মীদের গ্রেফতার করার ছক কষা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ