
বীরভূম, ২০ এপ্রিল (হি.স.): অহঙ্কারের পতন হবেই, বীরভূমের মুরারাইয়ের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মমতার জনসভা ছিল মুরারাইয়ের খান ক্রিকেট গ্রাউন্ডে। তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে এই জনসভা। মমতা এদিন বলেন, ‘‘লোকসভায় আমরা বিজেপিকে হারিয়েছি। ২০২৬ সালেই বাংলায় হারাব ওদের। তার পর দিল্লি থেকে তাড়াব।’’
মমতা জোর দিয়ে বলেন, ‘‘শান্তির জন্য লড়ুন, ভাষা-জাতিকে রক্ষা করুন, ভোটাধিকারের জন্য লড়ুন। তৃণমূল সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। এ বারের ভোটটাকে গুরুত্ব দিয়ে দেখুন।’’ অনেককে গ্রেফতারের পরিকল্পনা রয়েছে বলে দাবি মমতার। তিনি বলেন, ‘‘অনেককে গ্রেফতারের পরিকল্পনা করেছে। লিস্ট আমি পেয়ে গিয়েছি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। শুধু তৃণমূলকে টার্গেট করেছে। এই বীরভূম থেকে এক নেতা লড়ছে। কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। ভদ্রতা করে নাম বলছি না। সবচেয়ে বড় দুরাচারী বিজেপি।’’ লোকসভায় বিজেপির হারকে তুলে ধরে মমতা বলেন, ‘‘অহঙ্কারের পতন হবেই। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব। গণতন্ত্রের জয় হবে।’’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ