বড়জোড়ায় প্রচারে অভিষেকের কড়া আক্রমণ, কুরুচিকর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা
বাঁকুড়া, ২১ এপ্রিল (হি.স.): প্রচারের অন্তিমপর্বে বাঁকুড়ার শিল্পশহর বড়জোড়ায় এসে মঙ্গলবার বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বড়জোড়ায়
বড়জোড়ায় প্রচারে অভিষেকের কড়া আক্রমণ, কুরুচিকর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা


বাঁকুড়া, ২১ এপ্রিল (হি.স.):

প্রচারের অন্তিমপর্বে বাঁকুড়ার শিল্পশহর বড়জোড়ায় এসে মঙ্গলবার বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বড়জোড়ায় তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র ওরফে শ্যাম মিশ্রর সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, একদিকে শ্যাম মিশ্র দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছেন, অন্যদিকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। দাঙ্গা ও খুনের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এদিন তিনি দাবি করেন, তীব্র গরম উপেক্ষা করে সভায় আসা মানুষ শুধুমাত্র বক্তৃতা শুনতে আসেননি, বরং ভোট দিয়ে আবার তৃণমূল কংগ্রেসকে জেতানোর সিদ্ধান্ত নিয়েই এসেছেন।

সরকারি প্রকল্পের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, বড়জোড়ায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ৮০ হাজার মহিলা উপকৃত হচ্ছেন, যেখানে মাসে প্রায় ১৩ কোটি টাকা খরচ হচ্ছে। পাশাপাশি খাদ্যসাথী, কৃষক বন্ধু, যুবসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরেন তিনি। গত কয়েক বছরে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, বাংলার বাড়ি এবং পানীয় জল প্রকল্পের কথাও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, তৃণমূল সরকার গঠনের পর বড়জোড়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল, ফায়ার ব্রিগেড ও কর্মতীর্থ গড়ে উঠেছে। কেন্দ্রের বিজেপি সরকার গত ১২ বছরে এই এলাকায় কী করেছে, তা নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। তাঁর অভিযোগ, বিজেপি জিতলে এলাকার অর্থ বাইরে চলে যাবে, আর তৃণমূল জিতলে সেই অর্থ স্থানীয় উন্নয়নেই ব্যয় হবে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের এই ধরনের মন্তব্যই তাদের রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেয়। বড়জোড়া ও তালডাংরায় হার নিশ্চিত বুঝেই এভাবে কুরুচিকর ভাষা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির।

এই ঘটনাকে কেন্দ্র করে বড়জোড়া বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande