
বাঁকুড়া, ২১ এপ্রিল (হি.স.): প্রথম দফার ভোটের শেষ মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন বাঁকুড়ার বড়জোড়ার গঙ্গাজলঘাঁটি ফুটবল ময়দানে। মঙ্গলবার বড়জোড়ার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রর (শ্যাম) সমর্থনে সভা করলেন তিনি। এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শ্যাম মিশ্রকে জেতালে বড়জোড়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার।’ বড়জোড়ার সভা থেকে তিনি তুলে ধরলেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। তাঁর ভাষণে এসেছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কথা।
তিনি বলেন, এই কেন্দ্রের বাসিন্দাদের গুরুতর রোগের চিকিৎসার জন্য আগে বাঁকুড়া মেডিক্যাল কলেজে অথবা দুর্গাপুরে যেতে হতো। এখন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক রোগের চিকিৎসা শুরু হয়েছে। রয়েছে কেমোথেরাপি, ডায়ালিসিস ও ব্লাড ব্যাঙ্কের সুবিধাও। ২০২১ সালের নির্বাচনে ফায়ার ব্রিগেড করা হবে বলে কথা দিয়েছিলেন অভিষেক। ওই নির্বাচনে বড়জোড়ায় জয়ী হন তৃণমূলের প্রার্থী। তারপরে সেই আশ্বাস পূর্ণ করা হয়েছে বলে মনে করি দিয়েছেন অভিষেক। ওই এলাকায় আইটিআই কলেজ ও কর্মতীর্থ, কিষাণ মাণ্ডির কাজ হয়েছে বলে মনে করিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ৩ বছরে এই এলাকায় ৮০ কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, আগামী পাঁচ বছরে ১৬০ কোটি টাকার রাস্তা হবে। নলবাহিত পানীয় জল এবং আবাসন প্রকল্পের কাজ নিয়েও আশ্বাস দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ