
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে এক নতুন বিতর্ক দানা বেঁধেছে। একটি বিলাসবহুল হোটেলে পুলিশ এবং নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর ‘গোপন বৈঠক’-এর অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার। মঙ্গলবার সরিষায় দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ প্রকাশ্যে আনেন এবং পুরো বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পান্নালাল হালদারের প্রশ্ন, কেন একজন প্রার্থীর সঙ্গে পুলিশ এবং পর্যবেক্ষক আলাদাভাবে কোনো হোটেলে বৈঠক করবেন? তিনি দাবি করেন, এই বৈঠকের নেপথ্যে নিশ্চিতভাবে কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী। তৃণমূল প্রার্থীর অভিযোগ, এই ঘটনার মাধ্যমে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে, এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শীঘ্রই নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হবে।
বৈঠকের অভিযোগের পাশাপাশি জেলা প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের তোপ দেগেছেন পান্নালাল বাবু। তাঁর দাবি, জেলা প্রশাসন তৃণমূলের সঙ্গে ‘বিমাতৃসুলভ আচরণ’ করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হলে তা উপেক্ষা করা হচ্ছে, অথচ বিরোধীদের অভিযোগে প্রশাসন অতি সক্রিয়তা দেখিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। যদিও তৃণমূলের তোলা এই ‘গোপন বৈঠক’-এর অভিযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথম দফার ভোটের ঠিক আগে ডায়মন্ড হারবারের এই রাজনৈতিক তরজা নির্বাচনী উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত