
শাহজাহানপুর, ২১ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার পুয়াইয়ান থানা এলাকায় সোমবার রাতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনায় এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ আহত দুষ্কৃতী সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। আহত দুষ্কৃতীকে চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পুয়াইয়ান সার্কেল অফিসার প্রবীণ মালিক মঙ্গলবার জানান, সোমবার রাতে পুলিশ খবর পায় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে তিন দুষ্কৃতী বাইকে করে সিসোরার দিকে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ মোহাম্মদী রোডের আন্ডারপাসের কাছে তল্লাশি শুরু করে। এই সময় সন্দেহভাজন এক বাইক আরোহীদের থামার নির্দেশ দিলে তারা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুয়াইয়ান এলাকার বাসিন্দা সৌরভ মিশ্র গুলিবিদ্ধ হয়। এরপর পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং আহত সৌরভ মিশ্র সহ তার দুই সঙ্গী অর্পিত সাক্সেনা ও মৌসুম দীক্ষিতকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার জাতিয়াপুর খুর্দ গ্রামের বাসিন্দা আশিস সাক্সেনা বাজারে সবজি কিনতে গেলে এই তিন দুষ্কৃতী তার মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। শাহজাহানপুর ও লখিমপুর খেরি জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস