
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভোটগ্রহণের দু'দিন আগে থেকেই বাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে কোনও ধরনের বাইক র্যালি বা মিছিলের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এমনকি ভোটের দিন বাইক ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম পালন করতে হবে।
কমিশন স্পষ্ট করেছে যে, জরুরি পরিস্থিতি যেমন—চিকিৎসা সংক্রান্ত কাজ, পারিবারিক প্রয়োজনীয়তা বা শিশুদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়া সামাজিক অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তি এবং অ্যাপ-ভিত্তিক ভ্রমণ পরিষেবাগুলির ক্ষেত্রেও এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। তবে বিশেষ কোনও পরিস্থিতিতে যদি কেউ এই বিধিনিষেধ থেকে ছাড় চান, তবে তাঁকে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সংবাদমাধ্যম, দূরদর্শন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিধিনিষেধের ব্যাপক প্রচার চালানো হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই নিয়মগুলি কড়াকড়িভাবে পালনের নির্দেশ দিয়েছে কমিশন।
আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে সোমবার থেকেই বাইক সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। অন্যদিকে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে, যার জন্য আগামী ২৭ এপ্রিল থেকে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি