ভোটের আগেই গোঘাটে শাসক শিবিরে ভাঙনের অভিযোগ, চাঞ্চল্য
হুগলি, ২১ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির গোঘাটে বড়সড় দলবদলের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। বিরোধী শিবিরের দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজির প্রচারের মাঝেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একাধিক পরিবার দল
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান গোঘাটে


হুগলি, ২১ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির গোঘাটে বড়সড় দলবদলের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। বিরোধী শিবিরের দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজির প্রচারের মাঝেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একাধিক পরিবার দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।

ঘটনাটি মঙ্গলবার সকালে গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর গ্রামের ২৬১ নম্বর বুথের পণ্ডিতপাড়ায়। এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০টিরও বেশি পরিবার যেখানে আনুমানিক ৮০০ ভোটার রয়েছেন, তারা একযোগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দলত্যাগী পরিবারগুলির অভিযোগ, বিগত শনিবার বালি গ্রাম পঞ্চায়েতে প্রচারে এসে উপস্থিত ছিলেন নির্মল মাজি। সেই সময় দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে বলে দাবি তাঁদের। অভিযোগ, প্রার্থীর সামনেই পঞ্চায়েতের এক সদস্যকে মারধর করা হয়, যার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার এবং পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান কেবল শুরু, আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, বিজেপি রাজনৈতিক স্বার্থে অতিরঞ্জিত তথ্য ছড়াচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাট বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande