
ঝাড়গ্রাম, ২১ এপ্রিল (হি.স.): জঙ্গলমহলের জনজাতির ভোটকে পাখির চোখ করে ঝাড়গ্রাম জেলায় প্রচার জোরদার করেছে বিজেপি। সেই লক্ষ্যেই মঙ্গলবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী লক্ষীকান্ত সাউয়ের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এদিন রামগড় বাজার এলাকায় হুড–খোলা গাড়িতে করে রোড শো করেন তিনি। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনকে কখনও হাত নেড়ে, কখনও করজোড়ে অভিবাদন জানান লকেট।
তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে আদিবাসী উন্নয়ন ইস্যুতে সরব হন। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে বাস্তবে কোনও কাজ করেনি, বরং শুধুমাত্র ভোটের স্বার্থে তাদের ব্যবহার করেছে। লকেট চট্টোপাধ্যায় আরও দাবি করেন, জনজাতি সমাজ বরাবরই বিজেপিকে সমর্থন করে এসেছে। দেশের রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা— তাঁকেও তৃণমূল অসম্মান করেছে বলে অভিযোগ করেন তিনি।
শেষে তিনি জানান, আসন্ন নির্বাচনে বিজেপি সরকার গঠনে তাঁরা আত্মবিশ্বাসী।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো