
গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুষ্ঠেয় ‘মহিলা আক্রোশ’ সমাবেশে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে অসম প্ৰদেশ বিজেপি।
গত ১৬ এবং ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে দেশের মা-বোনদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে পেশকৃত বিলের বিরোধিতা করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি নারীদের প্রতি যে অপমান ও অন্যায় করেছে, তার বিরুদ্ধে সারা দেশে নারীশক্তির মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
নারীশক্তিকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে কংগ্রেস যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আজ দেশের নারীসমাজ জাগ্রত হয়েছে। আগামীকাল গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠেয় জনআক্রোশ মহিলা সমাবেশে সকল স্তরের মা-বোনদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করেছেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া।
নারীশক্তির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ মহিলাদের ন্যায্য অধিকার ও সমমর্যাদার দাবিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জনমত গড়ে তুলবে। প্রস্তাবিত মহিলা জনআক্রোশ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বলেছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ।
মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকারের একটি অংশ। কংগ্রেস ও ইন্ডি জোট যেভাবে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল ২০২৬-এর বিরোধিতা করে নারীশক্তির রাজনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে এবং তাদের অপমান করেছে, তা দেশের নারীরা কখনও ভুলবে না।
তিনি বসেন, মহিলা-বিরোধী এই নেতিবাচক মনোভাব দেশের উন্নয়ন প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করছে। তাই আগামীকাল সকাল ১০:৩০টায় গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠেয় প্রতিবাদী সমাবেশে নারীশক্তির অধিকারের জন্য সকল স্তরের মা-বোনদের উপস্থিত থেকে সম্মিলিতভাবে একস্বর আওয়াজ তোলার আহ্বান জানিয়ছেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস