সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে তীব্র আক্রমণ বিপ্লব দেবের, কাঠগড়ায় ‘তোষণ রাজনীতি’
কলকাতা, ২২ এপ্রিল ( হি. স.) : কলকাতার বিজেপি রাজ্য সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বুধবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হলেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, তোষণ রাজনীতি এ
বিপ্লব দেব


কলকাতা, ২২ এপ্রিল ( হি. স.) : কলকাতার বিজেপি রাজ্য সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বুধবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হলেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, তোষণ রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতার মতো একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

বিপ্লব কুমার দেব অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির কারণে সীমান্তের ৪৪৭ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আবেদন জানানো এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে কোনও গুরুত্ব দেখাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন যে, অবৈধ অনুপ্রবেশ বাড়ার ফলে সীমান্ত লাগোয়া জেলাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে এবং দুষ্কৃতীদের মনোবল বাড়ছে। দেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ করিডোর নিয়ে কেউ কেউ হুমকি দেওয়ার সাহস পাচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তৃণমূলের পাশাপাশি বামফ্রন্টকেও নিশানা করে তিনি বলেন, বিগত বাম শাসন এবং বর্তমান তৃণমূল জমানায় তোষণের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কখনওই কড়া পদক্ষেপ নেয়নি বরং প্রতিটি পদক্ষেপে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে চলেছে।

সাংস্কৃতিক ও ধর্মীয় ইস্যু তুলে ধরে বিপ্লব দেব দাবি করেন, পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মতো উৎসবের জন্য অনুমতি নিতে হয় এবং অনেক জায়গায় সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পাকিস্তানের ভাষায় কথা বলছেন এবং স্কুলগুলোতে জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি গুরুতর অভিযোগ তোলেন। স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মহাপুরুষদের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এই মনীষীদের উত্তরাধিকার বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande