ভোটের মুখে উত্তপ্ত দুর্গাপুর, বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও
আসানসোল, ২২ এপ্রিল (হি. স.) : দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাল। মঙ্গলবার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের প
ভোটের মুখে উত্তপ্ত দুর্গাপুর, বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও


আসানসোল, ২২ এপ্রিল (হি. স.) : দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাল। মঙ্গলবার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের প্রতিবাদে বুধবার দুর্গাপুর থানা ঘেরাও করে বিশাল বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে শামিল ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, বৃহস্পতিবার এই কেন্দ্রে ভোটগ্রহণ। মঙ্গলবার প্রচারের শেষ দিনে জে. সি. বোস এলাকায় বিজেপির প্রচার চলাকালীন দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে সেই বিবাদ হিংসাত্মক রূপ নেয় এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের মারধর করার পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

বিজেপি নেতৃত্বের দাবি, সংঘর্ষ দুই পক্ষের মধ্যে হলেও পুলিশ কেন বেছে বেছে শুধুমাত্র তাঁদের কর্মীদেরই গ্রেফতার করল? এই প্রশ্ন তুলে এদিন দুপুর থেকে থানার সামনে স্লোগান ও বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে একপেশে পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচার করছিলাম, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের মিছিলে হামলা চালায়। কর্মীরা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করে আমাদের কর্মীদের গ্রেফতার করেছে। আমরা এই অন্যায়ের বিচার চাই।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন যে, বিজেপি এলাকায় ক্রমাগত সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, বাংলার মানুষ বিজেপির এই অত্যাচারের জবাব দেবে। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে এবং যারা দোষী তাদের শাস্তি হবেই।

ভোটের আগের দিন এই গ্রেফতার এবং পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে গোটা শিল্পাঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande