মালদায় ভোটের আগে ডিসি-আরসি সেন্টারে চরম ব্যস্ততা, কড়া নিরাপত্তা ব্যবস্থা
মালদা, ২২ এপ্রিল (হি. স.):-২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলাজুড়ে প্রস্তুতি তুঙ্গে। বুধবার জেলার তিনটি ডিসি-আরসি সেন্টারে ভোটকর্মীদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছ
ডিসি আরসি


মালদা, ২২ এপ্রিল (হি. স.):-২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলাজুড়ে প্রস্তুতি তুঙ্গে। বুধবার জেলার তিনটি ডিসি-আরসি সেন্টারে ভোটকর্মীদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে প্রধান দুটি ডিসি-আরসি সেন্টার, পাশাপাশি সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটেও চলছে প্রস্তুতি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে ভোর থেকেই ভিড় জমিয়েছেন ভোটকর্মীরা।মালদা কলেজ মাঠ থেকে ইংলিশবাজার, মালদা, মোথাবাড়ি এবং পলিটেকনিক কলেজ থেকে হবিবপুর, গাজল, সুজাপুর, মানিকচক, বৈষ্ণবনগর ও রতুয়া কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। অন্যদিকে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও মালতিপুরে সরবরাহ করা হচ্ছে।নিরাপত্তার ক্ষেত্রেও কড়া নজরদারি নেওয়া হয়েছে। জেলায় মোট ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে কেন্দ্রীয় মহিলা জওয়ানও রয়েছেন। পাশাপাশি প্রায় ৩ হাজার পুলিশ কর্মী, ৩৬ জন আইসি ও প্রায় হাজারখানেক সাব-ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন।পুলিশ সুপার অনুপম সিং জানান, উত্তেজনাপ্রবণ বুথ চিহ্নিত করা হয়েছে এবং দুষ্কৃতীদের ওপর কড়া নজরদারি চলছে। জেলাজুড়ে ৩৭টি নাকা চেকিং পয়েন্ট ও ৩২৭টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande