শহীদ মিনার ময়দানে রাহুল গান্ধীর সভার অনুমতি দিল সেনা, ২৫ এপ্রিল কলকাতায় কংগ্রেসের মেগা শো
কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : সব বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় নির্বাচনী জনসভা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহীদ মিনার ময়দানে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভার জন্য ভারতীয় সেনার পক্ষ থ
শহীদ মিনার ময়দানে রাহুল গান্ধীর সভার অনুমতি দিল সেনা, ২৫ এপ্রিল কলকাতায় কংগ্রেসের মেগা শো


কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : সব বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় নির্বাচনী জনসভা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহীদ মিনার ময়দানে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভার জন্য ভারতীয় সেনার পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে।

চলতি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। প্রথম দফার ভোটের প্রচারে রাহুল গান্ধী রাজ্যে তিনটি জনসভা করেছিলেন। তবে দ্বিতীয় দফার প্রচারের জন্য কলকাতার একাধিক জায়গায় সভার অনুমতি পেতে কংগ্রেসকে বেশ বেগ পেতে হচ্ছিল। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ২৫ এপ্রিল দুপুরে শহীদ মিনার ময়দানে এই বড় মাপের জনসভাটি আয়োজিত হবে।

কংগ্রেসের সংগঠন মহাসচিব সৌরভ ঘোষ জানিয়েছেন, এর আগে রানি রাসমণি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশের তরফে অনুমতি না মেলায় সেই কর্মসূচি বাতিল করতে হয়েছিল। অবশেষে শহীদ মিনার ময়দানে সভার জন্য সেনার অনুমতি মেলায় স্বস্তিতে কংগ্রেস শিবির।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে রাহুল গান্ধীর এই সফর কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই জনসভা থেকে রাহুল গান্ধী তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষের বিরুদ্ধেই কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande