১৪ মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানাল শিক্ষা সংসদ
কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। উল্লেখয
১৪ মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানাল শিক্ষা সংসদ


কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। উল্লেখযোগ্যভাবে, রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ মে প্রকাশিত হওয়ার ১০ দিনের মাথায় এই রেজাল্ট বের হতে চলেছে।

সংসদের সভাপতি পার্থ কর্মকার এদিন জানান, ১৪ মে সকাল ১০টা ৩০ মিনিটে বিধাননগরের সংসদ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার কথা জানানো হয়েছিল। এবার উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

সংসদ সূত্রে খবর, সংবাদিক বৈঠকের ঠিক এক ঘণ্টা পর থেকে পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। তবে কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে, সেই তালিকা এখনও প্রকাশ করেনি সংসদ। জানানো হয়েছে, খুব দ্রুত সেই তালিকাও দিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, এবছরই প্রথম সেমিস্টার প্রথা চালু হয়েছে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষার পাশাপাশি সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছর রাজ্যজুড়ে প্রায় সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছেন। তাই ফলাফল ঘিরে রাজ্যজুড়ে কৌতূহল ও উদ্দীপনা তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande