ভোটের কারণে গণপরিবহন সংকট, আসানসোল–দুর্গাপুর রুটে চরম ভোগান্তি
দুর্গাপুর, ২২ এপ্রিল (হি.স.): নেই কোনও পরিবহন ধর্মঘট, তবুও রাজ্যে ভোটের আবহে গণপরিবহনের সংকট ঘিরে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। ভোটকর্মী পরিবহনের জন্য রুট থেকে বিপুল সংখ্যক বাস তুলে নেওয়ায় আসানসোল–দুর্গাপুর–বর্ধমান রুটে বাস চলাচল কার্য
ভোটের কারণে গণপরিবহন সংকট, আসানসোল–দুর্গাপুর রুটে চরম ভোগান্তি


দুর্গাপুর, ২২ এপ্রিল (হি.স.): নেই কোনও পরিবহন ধর্মঘট, তবুও রাজ্যে ভোটের আবহে গণপরিবহনের সংকট ঘিরে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। ভোটকর্মী পরিবহনের জন্য রুট থেকে বিপুল সংখ্যক বাস তুলে নেওয়ায় আসানসোল–দুর্গাপুর–বর্ধমান রুটে বাস চলাচল কার্যত ব্যাহত হয়েছে।

ফলে রাস্তা থেকে প্রায় বাস উধাও হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হাতে গোনা কয়েকটি বাস চললেও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। চরম গরমের মধ্যেও বহু যাত্রী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাসের ছাদে যাতায়াত করছেন, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার আসানসোল–দুর্গাপুর–বর্ধমান জাতীয় সড়কে এমনই চিত্র ধরা পড়েছে। অভিযোগ, প্রশাসনের ভোটকর্মী পরিবহন ব্যবস্থার কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচিও কার্যত উপেক্ষিত হচ্ছে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, সরকারি গ্যারেজে বহু বাস অচল অবস্থায় পড়ে থাকলেও সেগুলি ব্যবহার না করে রুট থেকে বাস তুলে নেওয়ায় সমস্যা আরও বেড়েছে। তাঁদের দাবি, গণপরিবহন স্বাভাবিক রাখা জরুরি ছিল।

অন্যদিকে বর্ধমান বাস মালিক সমিতির পক্ষে জানানো হয়েছে, জেলাজুড়ে প্রায় ৫০০ বাস ভোটকাজে নেওয়া হয়েছে। ফলে যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে। তাঁদের মতে, বাসের পরিবর্তে ছোট চারচাকা গাড়ি ব্যবহার করা হলে ভোটকর্মীদের যাতায়াতও সহজ হতো এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমত।

সব মিলিয়ে ভোটের প্রস্তুতির জেরে গণপরিবহন সংকট এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande