আম্বেদকরের আদর্শে সমাজসেবার বার্তা, আয়কর ভবনে বিশেষ আলোচনা সভা
কলকাতা, ২২ এপ্রিল ( হি. স.) : ভারতরত্ন বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার কলকাতার আয়কর ভবনে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ ইউনিটের উদ্যোগে
আম্বেদকরের স্মরণে


কলকাতা, ২২ এপ্রিল ( হি. স.) : ভারতরত্ন বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার কলকাতার আয়কর ভবনে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আম্বেদকরের জীবন, দর্শন ও সামাজিক প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম সার্কেলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত সুরভি বর্মা গর্গ। আলোচনায় অংশগ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের সহযোগী অধ্যাপক ও প্রাবন্ধিক ডঃ সুধাকর সরদার। তাঁরা আম্বেদকরের সামাজিক ন্যায়, সাম্য এবং সংবিধান ভাবনার গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরেছেন।

​সংস্থার সভাপতি সঞ্জয় আই ধাড়া ও সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার জানান, বাবাসাহেবের আদর্শকে সামনে রেখে সামাজিক সংহতি ও প্রান্তিক মানুষের উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়কর দপ্তরের আধিকারিক ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​শুধু আলোচনা সভাতেই সীমাবদ্ধ থাকেননি আয়োজকেরা। সমাজসেবার অংশ হিসেবেই এদিন সন্দেশখালির হরিগুরু চাঁদ মিশন এবং পুরুলিয়ার সিধু কানু বিরসা গুরুগমকে মিশন স্কুলের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে উপস্থিত মহলে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande