
ভাগলপুর, ২২ এপ্রিল (হি.স.): বিহারের নবগাছিয়া থানার খায়েরপুর কাড়ওয়া গ্রামে বুধবার সেফটি ট্যাঙ্কে নেমে কাজ করার সময় দমবন্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম বম্বম মণ্ডল, জয়নন্দন মণ্ডল এবং শ্রীলাল মণ্ডল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে শ্রীলাল মণ্ডল ট্যাঙ্কের ভিতরে কাজ করতে নামেন। সেখানে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে উদ্ধার করতে জয়নন্দন মণ্ডল ট্যাঙ্কে নামেন, কিন্তু তিনিও অচেতন হয়ে পড়েন। এরপর বম্বম মণ্ডল নিচে নামলে তিনিও আর ট্যাঙ্কের বাইরে বেরোতে পারেননি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে চতুর্থ এক ব্যক্তিকে দড়ি বেঁধে ট্যাঙ্কে নামানোর প্রস্তুতি নেওয়া হলেও তাঁরও শারীরিক সমস্যা দেখা দেওয়ায় সেই চেষ্টা বন্ধ রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর তিনজনকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কাড়ওয়া থানাসহ একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এসডিপিও ওমপ্রকাশ এবং ডিসিএলআরও ঘটনাস্থলে যান এবং মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী । তিনি শোকবার্তায় ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
একসঙ্গে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য