১ মে থেকে কার্যকর হচ্ছে অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নিয়ম, জারি কেন্দ্রের নির্দেশিকা
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নিয়ম ১ মে থেকে কার্যকর হতে চলেছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের। এই বিষয়ে প্রয়োজনীয় বিধান গত বছর আগস্ট মাসে সংসদে পাস হওয়া একটি আইনের ভিত্তিতে তৈর
১ মে থেকে কার্যকর হচ্ছে অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নিয়ম, জারি কেন্দ্রের নির্দেশিকা


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নিয়ম ১ মে থেকে কার্যকর হতে চলেছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের। এই বিষয়ে প্রয়োজনীয় বিধান গত বছর আগস্ট মাসে সংসদে পাস হওয়া একটি আইনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য অনলাইন গেমিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনজনিত ঝুঁকি থেকে সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ ও শিশুদের সুরক্ষা প্রদান করা।

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আন্তঃমন্ত্রক পরামর্শ এবং আইন বিষয়ক বিভাগের গভীর পর্যালোচনার পর এই নিয়মাবলি চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়মের লক্ষ্য হলো আইন কার্যকর করার জন্য একটি স্পষ্ট ও সময়সীমা নির্ধারিত কাঠামো তৈরি করা।

নিয়ম প্রণয়নের সময় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিকদের সুরক্ষার উপর, বিশেষ করে শিশু এবং দুর্বল শ্রেণির মানুষের নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি অনলাইন গেমিং শিল্পকে পরিষ্কার নির্দেশিকা দেওয়া, নিষিদ্ধ গেমের মাধ্যমে আর্থিক লেনদেন বন্ধ করা এবং ব্যবহারকারীদের অধিকার সুরক্ষিত রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

নতুন নিয়ন্ত্রক কাঠামোটি ছয়টি অংশ ও ২৬টি নিয়মে বিভক্ত। এতে অনলাইন গেমিং কর্তৃপক্ষ গঠন, গেমের শ্রেণিবিন্যাস পদ্ধতি, নিবন্ধন ব্যবস্থা, ব্যবহারকারী সুরক্ষা ব্যবস্থা, দ্বিস্তরীয় অভিযোগ নিষ্পত্তি ও আপিল ব্যবস্থা এবং শাস্তিমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রকের মতে, এই কাঠামো স্বচ্ছতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ডিজিটাল পরিচালনা এবং কার্যকর নজরদারির মাধ্যমে অনলাইন গেমিং খাতকে সুশৃঙ্খলভাবে বিকাশে সহায়তা করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande