
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে বুধবার রাতে ফের দুর্ঘটনা। জানা যায়, একটি পাথর বোঝাই ডাম্পার (নম্বর: টিআর০৫কে১৮৫৮) এবং একটি স্কুটি ( নম্বর: টিআর০৫-৬১২৯) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন স্কুটি চালক হরিমোহন দেবনাথ, যাঁর বাড়ি পদ্মপুর এলাকায়।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন ধর্মনগর দমকল দফতরে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের রাস্তায় নিয়মিতভাবে ওভারলোডেড ডাম্পার চলাচল করলেও ট্রাফিক দফতর কার্যত কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছে না। তাঁদের দাবি, ট্রাফিক পুলিশ মূলত বাইক ও ছোট গাড়ির চালকদের বিরুদ্ধে চালান কাটতেই ব্যস্ত থাকে, অথচ ভারী ও বিপজ্জনক যানবাহনের বিরুদ্ধে কার্যকর নজরদারি প্রায় নেই বললেই চলে।
আরও অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের পর্যাপ্ত কর্মীর উপস্থিতি নেই, যার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটার আশঙ্কা বাড়ছে।
সচেতন মহলের মত, অবিলম্বে ওভারলোডেড ডাম্পারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো, শহরের মধ্যে নির্দিষ্ট সময়সীমার বাইরে ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
স্থানীয় জনগণ জানিয়েছেন, ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পারের বেপরোয়া চলাচল দিন দিন বিপজ্জনক রূপ নিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর নিয়ন্ত্রণহীন গতিতে চলা এই ভারী যানবাহন সাধারণ মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ