হাওড়া স্টেশন : শুধু গন্তব্য নয়, পূর্ব ভারতের হৃদস্পন্দন
হাওড়া, ২৫ এপ্রিল (হি. স.) : শুধু ইঁট সিমেন্টের পরিকাঠামো নয়, বরং প্রতিদিনের যাতায়াতের আবেগ, ক্লান্তি আর আশার গল্প— সব মিলিয়ে নতুন করে গড়ে উঠছে হাওড়া স্টেশন। গত এক দশকে ধারাবাহিক উন্নয়ন ও সম্প্রসারণের ফলে পূর্ব ভারতের এই প্রবেশদ্বার যেন এক নতুন পর
নস্টালজিক - হাওড়া স্টেশনের কর্মব্যস্ততার ছবি


হাওড়া, ২৫ এপ্রিল (হি. স.) : শুধু ইঁট সিমেন্টের পরিকাঠামো নয়, বরং প্রতিদিনের যাতায়াতের আবেগ, ক্লান্তি আর আশার গল্প— সব মিলিয়ে নতুন করে গড়ে উঠছে হাওড়া স্টেশন। গত এক দশকে ধারাবাহিক উন্নয়ন ও সম্প্রসারণের ফলে পূর্ব ভারতের এই প্রবেশদ্বার যেন এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছে।

রেল সূত্রে খবর, স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম–এর আধুনিকীকরণ করা হয়েছে। বিশেষ করে ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম–এ এখন ২২ থেকে ২৪ কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে। ফলে যাত্রীদের ভিড় সামলানো যেমন সহজ হচ্ছে, তেমনই ট্রেন চলাচলেও আসছে গতি। নতুন করে তৈরি হয়েছে ২৪ নম্বর প্ল্যাটফর্ম, এর পাশাপাশি ১৬ নম্বর প্ল্যাটফর্মও যুক্ত হয়েছে পরিষেবায়। আরও কয়েকটি প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুধু প্ল্যাটফর্ম নয়, স্টেশনের ভেতরের ব্যবস্থাপনাতেও এসেছে পরিবর্তন। ইয়ার্ড রিমডেলিংয়ের মাধ্যমে একাধিক লাইনে একসঙ্গে আধুনিক এলএইচবি কোচের ট্রেন চালানোর উপযোগী করা হচ্ছে পরিকাঠামো। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পুরনো ও নতুন কমপ্লেক্সে চালু হয়েছে দুটি এক্সিকিউটিভ লাউঞ্জ। পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আপার ক্লাস ওয়েটিং হলে বসানো হয়েছে নতুন লিফট।

স্টেশন চত্বরে উন্নয়নের প্রভাব পড়েছে শহরের বৃহত্তর পরিবহণ ব্যবস্থাতেও। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর চালু হওয়ার ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। নদীর তলা দিয়ে মেট্রো চলাচল শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও, বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হয়েছে বিশেষ শেড। স্টেশনের বাইরের সংযোগ ব্যবস্থাও উন্নত করতে নতুন সেতু নির্মাণের কাজ চলছে, যা ভবিষ্যতে যান চলাচল আরও স্বচ্ছন্দ করবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির কথায়, - “প্রতিটি উন্নয়ন প্রকল্পের কেন্দ্রে রয়েছেন যাত্রীরা। তাঁদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

সব মিলিয়ে, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে হাওড়া স্টেশন এখন শুধু একটি রেলস্টেশন নয়-এটি হয়ে উঠছে মানুষের যাত্রাপথের এক নির্ভরযোগ্য সঙ্গী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande