বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিসেবী পার্থ প্রতিম নাগের প্রয়াণ, শোকস্তব্ধ সংবাদিক মহল
কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.): সাংবাদিক মহলে শোকের ছায়া। প্রবীণ সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের দীর্ঘদিনের সদস্য পার্থ প্রতিম নাগ পরলোকগমন করেছেন। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে নিজের বাসভবনে দুপুর পৌনে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে
বর্ষীয়ান সাংবাদিক পার্থ প্রতিম নাগের প্রয়াণ


কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.): সাংবাদিক মহলে শোকের ছায়া। প্রবীণ সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের দীর্ঘদিনের সদস্য পার্থ প্রতিম নাগ পরলোকগমন করেছেন। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে নিজের বাসভবনে দুপুর পৌনে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং তাঁর নিয়মিত ডায়ালিসিস চলছিল।

​পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, বোন ও দুই ভাইকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এবং কার্যকরী সমিতির সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

​পেশাগত জীবনে পার্থ প্রতিম নাগের সাংবাদিকতার দীর্ঘ অধ্যায় জুড়ে ছিল ‘গণশক্তি’ পত্রিকা। বহু বছর তিনি এই পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও শেষ দিন পর্যন্ত পেশার প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল প্রশ্নাতীত।

​শুধুমাত্র সাংবাদিকতা নয়, সাংস্কৃতিক জগতেও তাঁর ছিল অবাধ বিচরণ। নাটক, গান ও আবৃত্তিতে তিনি ছিলেন সমান পারদর্শী। ১৯৭৮ সালে একাঙ্ক নাটকের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ‘সেরা নাট্যকার’-এর সম্মান লাভ করেন তিনি। ভারতীয় গণনাট্য সঙ্ঘের ‘স্পন্দন’ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছেন এবং এই সূত্রে পাকিস্তান ও ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। চলচ্চিত্রের পর্দাতেও তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল; বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষের ‘মনের মানুষ’ সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।

​সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত সদালাপী ও মিষ্টভাষী হিসেবে জনপ্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে সাংবাদিক ও সাংস্কৃতিক মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এক শোকবার্তায় প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande