
কলকাতা, ২৬ এপ্রিল: পূর্ব রেলের মাসব্যাপী ‘স্বচ্ছতা সচেতনতা অভিযান’ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ১৪ মে পর্যন্ত। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের নেতৃত্বে চারটি ডিভিশন জুড়ে রেলকর্মী ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের স্বেচ্ছাসেবকেরা একযোগে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পথে নেমেছেন ।ট্রেনের ভেতরেও যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগে জোর দেওয়া হয়েছে। আসানসোল-চিত্তরঞ্জন রুটে ট্রেনের মধ্যে আলোচনা, প্লাস্টিক বর্জ্য কমানোর বার্তা এবং ডাস্টবিন ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বর্ধমান ও ব্যান্ডেল স্টেশনেও স্লোগান ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে যাত্রীদের সচেতন করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সম্প্রতি জনবহুল রুটে বিশেষ অভিযান চালানো হয়। পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস ও মেমু ট্রেনে প্রচারের পাশাপাশি নৈহাটিতে পোস্টার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেখানে - ‘পরিচ্ছন্ন স্টেশন, সুস্থ জাতি’ বার্তা উঠে আসে। রবিবার দক্ষিণেশ্বর ও বালিগঞ্জে আরও জোরদার হয়েছে এই উদ্যোগ। ট্র্যাক পরিষ্কার থেকে যাত্রীদের শপথ - সব ক্ষেত্রেই মিলেছে উৎসাহব্যঞ্জক সাড়া।
পূর্ব রেলের দাবি, এই উদ্যোগের লক্ষ্য শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং স্বচ্ছ পরিবেশ গড়তে যাত্রীদের মানসিকতারও পরিবর্তন হচ্ছে। ছোট ছোট উদ্যোগ মিলিয়েই গড়ে উঠছে বৃহত্তর সচেতনতার সংস্কৃতি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত