
ফলতা, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ থেকে বিশেষ পুলিশ অবজারভার হিসেবে এ রাজ্যে নির্বাচন পরিচালনা করতে এসেছেন উত্তর প্রদেশ ক্যাডারের ২০১১ সালের আইপিএস অজয় পাল শর্মা। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই পরিচিত তিনি। যোগী রাজ্যে শতাধিক এনকাউন্টার করেছেন। সেই আইপিএস এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ফলতায় ঘোরাঘুরি করছেন। সোমবার বিকেলে নিজেই অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের ডেরায় গিয়ে খোদ জাহাঙ্গীরকেই হুমকি দিয়ে এসেছেন তিনি। ইতিমধ্যেই সেই হুমকির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জাহাঙ্গীরের অফিস ও বাড়ি—দু’জায়গাতেই গিয়ে হুমকি দিয়ে এসেছেন এই আইপিএস। সুস্থভাবে নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে ফলতার বিভিন্ন এলাকায় কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন এই আইপিএস অজয় পাল শর্মা। এদিন ফের জাহাঙ্গীরের অফিসের কাছে যেতেই তাঁর কনভয়ের সামনে বিক্ষোভ দেখান জাহাঙ্গীর ও তাঁর অনুগামীরা। জাহাঙ্গীর খানের অভিযোগ, শান্ত ফলতাকে অশান্ত করছেন এই অজয় পাল শর্মা। বিজেপির নির্দেশেই এই কাজ হচ্ছে। জাহাঙ্গীর আরও বলেন, অজয় পাল যদি ‘সিংহাম’ হন, তাহলে তিনি ‘পুষ্পা’—‘ঝুঁকেগা নেহি শালা...’। নির্বাচনের ঠিক একদিন আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে। যদিও এতে কোনও লাভ হবে না বলেই দাবি করেছেন জাহাঙ্গীর। সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে বলেই জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা