
মুম্বই, ২৮ এপ্রিল (হি. স.): মহারাষ্ট্রের অমরাবতীতে ঘটলো এক পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অমরাবতীর ওয়ারুদ-মোরশি সড়কের কাছে। একটি গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে। দুর্ঘটনায় প্রাণ হারায় একই পরিবারের তিন সদস্য। আহত আরও একজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সমাধান কিষাণরাও নন্দে (৬২), কিরণ গোপাল নন্দে (২৮) এবং দিয়া গোপাল নন্দে (৩)। আহতের নাম গোপাল সমাধান নন্দে (৩৪)। তাঁরা সকলেই নাগপুরের কামথি খায়রি এলাকার বিনায়ক কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নন্দে পরিবারের চার সদস্য যাচ্ছিলেন অনুষ্ঠান বাড়িতে । মঙ্গলবার সকালে ফেরার পথে ওয়ারুদ-মোরশি মহাসড়কের একটি মোড়ের কাছে ঘটে দুর্ঘটনাটি। গাড়ির চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় গাড়ির সামনের অংশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত গোপাল সমাধান নন্দের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক