
আষ্টা, ২৮ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের সেহোর জেলার আষ্টায় ঘটল এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ভোপাল-ইন্দোর সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় বাসের এক কর্মচারীর (হেলপার)।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম সুনীল মুকাটি (৩৫)। তিনি শাজাপুর জেলার পোলাই কালা গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, এদিন সকালে আহমেদাবাদ থেকে ভোপালের দিকে যাচ্ছিল বাসটি। আষ্টা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসের সামনে একটি গরু এসে পড়ায় সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। তবে যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনায় বাসের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক