
মালদা, ২৮ এপ্রিল (হি.স.): মালদার রতুয়ায় ট্রাক্টরের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক টোটো চালকের। জখম হয়েছেন টোটোর আরও ৪ যাত্রী। মঙ্গলবার সকালের ঘটনা। ঘটনার পরে বাহারাল শিবরামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন মাটি-বোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে টোটোটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে টোটো চালকের মৃত্যু হয়। এর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় লোকজন। বেআইনি ভাবে ট্রাক্টরে মাটি বহনের পরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তোলা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর এস এন রায় রোডে মঙ্গলবার একটি খড় বোঝাই পিক-আপ ভ্যান বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসায় তাতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় লোকজন ও অন্য গাড়িচালকদের সহযোগিতায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ