দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের কড়া দাওয়াই, অশান্তি রুখতে কড়া নজরদারির নির্দেশ
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। ভোট চলাকালীন যারা অশান্তি ছড়াতে পারে, এমন ব্যক্তিদের একটি বিস্তারিত তালিকা রাজ্যের পুলিশের মহা নির্দেশকের (ডিজিপি
নির্বাচন কমিশন


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। ভোট চলাকালীন যারা অশান্তি ছড়াতে পারে, এমন ব্যক্তিদের একটি বিস্তারিত তালিকা রাজ্যের পুলিশের মহা নির্দেশকের (ডিজিপি) হাতে তুলে দিয়েছে কমিশন। এই তালিকায় ১৪২টি বিধানসভা কেন্দ্রের সন্দেহভাজন ব্যক্তিদের নাম রয়েছে।

সূত্র মারফত জানা গেছে, গত ২৭ এপ্রিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে পুলিশের মহা নির্দেশককে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রথম দফার ভোটে যে সমস্ত এলাকা থেকে ভয় দেখানো বা হিংসার অভিযোগ এসেছিল, দ্বিতীয় দফায় যেন তার পুনরাবৃত্তি না ঘটে।

তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার নাম থাকা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মগরাহাট পশ্চিমের প্রার্থী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সামিম আহমেদ, ফলতার নেতা জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরার ওপর বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বসিরহাট এলাকার বারিক বিশ্বাস এবং সাহানুর মণ্ডলের নামও এই তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রের সন্দেহভাজনদের নাম এবং তাঁদের যোগাযোগের বিস্তারিত তথ্য ওই তালিকায় দেওয়া হয়েছে। চিঠিতে কমিশন স্পষ্ট করেছে যে, পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তালিকায় থাকা ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হয় এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশিকার কথা উল্লেখ করে বলা হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে। ভোটারদের ভয় দেখানো বা বুথ দখলের চেষ্টার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফার হিংসা ও প্রার্থীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতেই কমিশন এই কঠোর পদক্ষেপ নিল। দ্রুত ব্যবস্থা নেওয়ার স্বার্থে এই তালিকা পুলিশ আধিকারিকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফায় ১৪২টি আসনে বুধবার অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande