পলাশবাড়ি সমাবেশে অসমে ফের বিজেপি সরকার গঠনের সংকল্প অমিত শাহের
পলাশবাড়ি (অসম), ৩ এপ্রিল (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত পলাশবাড়িতে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সমাবেশে অসমে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের সংকল্প নিয়েছেন দলের শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার বিকালে পল
পলাশবাড়িতে নির্বাচনী সমাবেশে অমিত শাহ


পলাশবাড়ি (অসম), ৩ এপ্রিল (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত পলাশবাড়িতে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সমাবেশে অসমে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের সংকল্প নিয়েছেন দলের শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ শুক্রবার বিকালে পলাশবাড়ি বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী হিমাংশুশেখর বৈশ্যের সমর্থনে প্রচার চালান অমিত শাহ। সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। কংগ্রেস অসমে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলে তিনি স্পষ্ট বলেন, অবৈধ বিদেশি অনুপ্রবেশ সমস্যার সমাধান করা বিজেপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আশ্বাস দিয়েছেন, আবার বিজেপি সরকার গঠিত হলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পলাশবাড়ির শিবমন্দির ও ছয়গাঁওয়ের মা চণ্ডীকা মন্দিরে প্রণাম জানিয়ে অমিত শাহ তাঁর ভাষণ শুরু করেন। এছাড়া দেড়শো বছরের রাস উৎসব এবং শ্যামরায় গোসাঁইকেও প্রণাম জানান তিনি। ভাষণের শুরুতে তিনি বিধায়ক হেমাংগ ঠাকুরিয়া এবং বিজেপি-প্রার্থী হিমাংশুশেখর বৈশ্যকে মঞ্চে ডেকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের কিছু সাফল্যের কথা তুলে ধরে বলেন, গত ১০ বছরে অসমে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বিজেপি। প্রায় ১০ হাজার মানুষ অস্ত্র ত্যাগ করে সমাজের মূলস্রোতে ফিরে এসেছে। ভূমি দখল প্রসঙ্গে তিনি বলেন, ১০ বছরে বিজেপি ১ লক্ষ ৫০ হাজার একর জমি দখলমুক্ত করেছে। এবার সরকার গঠন হলে অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি পুনরায় হিমন্তবিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান। বলেন, বিজেপি সরকার একে একে সব অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাড়িয়ে দেবে।

পলাশবাড়িতে আইআইএম স্থাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখানে পড়াশোনা করে স্থানীয় ছেলেমেয়েরা দেশের বড় বড় শিল্পে কাজ করার সুযোগ পাবে। কংগ্রেস এই প্রকল্পের বিরোধিতা করেছিল বলে অভিযোগ করে তিনি বলেন, “রাহুলবাবু যতই বিরোধিতা করুন, পলাশবাড়িতে আইআইএম হবেই।”

রাহুল গান্ধী ও কংগ্রেসকে লক্ষ্য করে তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু অসমে তৈরি চিপস আমেরিকা, রাশিয়া ও জাপানে রফতানি হবে। কংগ্রেস অসমকে আন্দোলন ও হিংসার মধ্যে রেখেছিল, কিন্তু বিজেপি গত ১০ বছরে শান্তি ফিরিয়ে এনেছে। এখন অসমে শিল্প আসছে, মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে।

আগামী দিনে অসমে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হবে, মহিলাদের অরুণোদয় প্রকল্পের অর্থ ৩ হাজার টাকা করা এবং যুবকদের জন্য আগামী পাঁচ বছরে ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত জনতাকে হাত তুলে বিজেপিকে জয়ী করার সংকল্প নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার ৯০টির বেশি আসনে জয়লাভ করে বিজেপিকে সরকার গঠন করতে হবে এবং কামরূপ জেলার সবকটি আসনে বিজেপিকে জিততে হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande