দেশে এলপিজির কোনও ঘাটতি নেই, আতঙ্কে বুকিং না করার পরামর্শ ইন্ডিয়ান অয়েলের
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দেশে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই—এমনই আশ্বাস দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থি
দেশে এলপিজির কোনও ঘাটতি নেই, আতঙ্কে বুকিং না করার পরামর্শ ইন্ডিয়ান অয়েলের


নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দেশে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই—এমনই আশ্বাস দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতির সমতুল্য। তাই অযথা আতঙ্কে আগাম বুকিং না করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

ইন্ডিয়ান অয়েল এক বিবৃতিতে জানায়, পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নানা ভূ-রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও ভারতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর সরবরাহ সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। গৃহস্থালির গ্যাসের চাহিদা মেটানোই সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার।

সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিফিল বুকিংয়ের প্রায় ৮৭ শতাংশই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। সঠিক গ্রাহকের হাতে সিলিন্ডার পৌঁছানো নিশ্চিত করতে ওটিপি-ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থাও চালু রয়েছে। এসএমএস এবং আইভিআরএসের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বুকিং করার জন্য গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে।

এদিকে, কিছু জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়ায় কালোবাজারি ও মজুতদারি রুখতে বিভিন্ন দফতরের যৌথ দল অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই ৭,৫০০-র বেশি পরিদর্শন করা হয়েছে এবং ১৪১ জন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬৮ হাজার অভিযান চালিয়ে ৮৫৫টি এফআইআর দায়ের এবং ৪৮ হাজারের বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

সংস্থার দাবি, এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ, স্বচ্ছ বণ্টন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande