দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার : শাহ
গোয়ালপাড়া (অসম), ৩ এপ্রিল (হি.স.) : বিজেপি সরকার দেশ থেকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের বের করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের জাতীয় নিরাপত্তা বিজেপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, অসমে নির্বাচনী সমাবেশে বলেছেন বিজেপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট
দুধনৈয়ে নিৰ্বাচনী সমাবেশে বিশাল নির্বাচনী জনসভায় অমিত শাহ


গোয়ালপাড়া (অসম), ৩ এপ্রিল (হি.স.) : বিজেপি সরকার দেশ থেকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের বের করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের জাতীয় নিরাপত্তা বিজেপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, অসমে নির্বাচনী সমাবেশে বলেছেন বিজেপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ শুক্রবার গোয়ালাপাড়া জেলার অন্তর্গত দুধনৈ কলেজ ময়দানে বিজেপি-প্রার্থী টঙ্কেশ্বর রাভার সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন অমিত শাহ। সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ গোয়ালপাড়া জেলার অদীন চারটি বিধানসভা আসনেই বিজেপি-প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ অভিযোগ করেন, তাদের শাসনকালে অসম অশান্ত ছিল, রাজ্যের সংস্কৃতি রক্ষার জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে বিজেপি অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করছে।

সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, বিজেপি শাসনে প্রায় ১০ হাজার মানুষ অস্ত্র ত্যাগ করে মূল ধারায় ফিরে এসেছে। দেড় লক্ষ একরেরও বেশি জমি বেদখলমুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দেন, বিজেপি আবার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে রাজ্যে কোনও ধরনের সহিংস ঘটনা ঘটবে না। তিনি মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া এবং যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্প স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছেন।

শেষে তিনি ভোটারদের কংগ্রেসকে একটিও ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে অসমে উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিজেপিকে সমর্থন করার অনুরোধ জানান। প্রসঙ্গত, অসম বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে গতকাল দুই দিনের সফরে অসমে এসেছিলেন অমিত শাহ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande